স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে অবস্থিত বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম ও ওলামা দলের নেতা মাওলানা শরীফুল ইসলাম।
বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, হেফাজতে ইসলামের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনসহ আরও অনেকে।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাও. এস এম রুহুল আমীন, শেখ আব্দুর রাজ্জাক, এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাড. আবু জাফর সরকার, আফাজ প্রধান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি প্রার্থী ডা. এসএম রফিকুল ইসলাম।