স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মোঃ শরিফ উদ্দীন আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক-এর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের আগে নতুন এসপি মোঃ শরিফ উদ্দীন গাজীপুর পৌঁছালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে বরণ করে নেন। গাজীপুর সার্কিট হাউজে জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি দল তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে।
নতুন এসপি’র পরিচিতি:
• মোঃ শরিফ উদ্দীন এর আগে সুনামের সাথে বরিশালের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
• তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ২০০৬ সালের ২১ আগস্ট চাকরিতে যোগ দেন।
• তিনি ২০২৪ সালের ২২ ডিসেম্বর বরিশালের পুলিশ সুপার পদে যোগ দেন এবং এর আগে পিবিআই নাটোর জেলায় দায়িত্ব পালন করেছেন।
• তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) ও এমএসসি (এগ্রো ফরেস্ট্রি) ডিগ্রি অর্জন করেছেন।
• তাঁর বাড়ি রাজশাহীতে।
বিদায়ী এসপি’র নতুন কর্মস্থল:
বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেককে জামালপুর জেলার পুলিশ সুপার হিসাবে বদলীপূর্বক পদায়ন করা হয়েছে। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ মেরাজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন জানান, আগামীকাল সোমবার তিনি গাজীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করবেন। তিনি জেলার আইন শৃংখলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।