July 9, 2026, 8:43 pm

গবেষণাকে শুধু ল্যাবে নয়, মাঠ পর্যায়েও পৌঁছে দিতে হবে: গাকৃবি উপাচার্য

Reporter Name
  • আপডেট Thursday, October 16, 2025
  • 65 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের সময়ের কৃষির চ্যালেঞ্জগুলো বহুমাত্রিক – জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, রোগবালাই ও উৎপাদনশীলতা রক্ষা এখন বড় প্রশ্ন। এ সমস্যার সমাধানে গবেষণাকে শুধু ল্যাবে নয়, মাঠ পর্যায়েও পৌঁছে দিতে হবে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) ও যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ)-এর যৌথ অর্থায়নে তিনটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, আমরা গবেষণাকে এমনভাবে গড়ে তুলব যাতে তা কৃষকের জীবনে সরাসরি প্রভাব ফেলে, একটি টেকসই ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলে।
বিএএস-এর ফেলো ও গাকৃবির প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চারজন বিএএস ফেলো বিশেষজ্ঞ মনিটর হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালার দ্বিতীয় পর্বে গাকৃবির তিনজন গবেষক তাঁদের প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন: প্রফেসর ড. এম. এ. মান্নান – ধান গাছে লবণাক্ততা সহ্য করার ক্ষমতা বৃদ্ধিতে ন্যানোম্যাটেরিয়াল প্রযুক্তি উন্নয়ন; প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান – চিংড়ির রোগ শনাক্তে আরপিএ-ভিত্তিক কিট উদ্ভাবন; প্রফেসর ড. এম. নাজমুল হক – গাভীর ম্যাস্টাইটিস প্রতিরোধে ভেষজ ও প্রোবায়োটিক ব্যবস্থাপনা পদ্ধতি। প্রতিটি উপস্থাপনার পর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষক, গবেষক ও প্রকল্প অংশীজনরা দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর