July 9, 2026, 5:19 pm

গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা শ্মশানে: রিজভী

Reporter Name
  • আপডেট Wednesday, June 5, 2024
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশের গণতন্ত্র এখন গোরস্তানে এবং কথা বলার স্বাধীনতা শ্মশানে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (৫ জুন) প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে ২৯ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের সকলে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করছি। ভিন্নমত দমন করা হচ্ছে। যারা সত্য কথা বলছেন তাদেরকে যেতে হচ্ছে কারাগারে। তাদেরকে সরকারি নিপীড়নের শিকার হতে হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মী হারিয়ে গেছে। তারা কোথায় আছে কেউ জানে না, তাদের পরিবারও জানে না। এভাবে অসংখ্য গুম করে, জনগণকে ত্যাজ্য করে ভোটারদেরকে দূরে সরিয়ে রেখে নির্বাচনি প্রহসনের মাধ্যমে ডামি দখলদার সরকার ক্ষমতায় আছে।
তিনি আরও বলেন, এই সরকার গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায়, যাতে গণতন্ত্র বলে এদেশে আর কিছু থাকবে না। তাই গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে। মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না। এ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে এদেশের মানুষকে।
বিএনপির এ নেতা বলেন, সারাদেশের মানুষ মনে করে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা যে কথা বলেন, তার কোনো দাম নেই। কারণ তারা একটাও সত্যি কথা বলেন না। এক বিভীষিকাময় পরিবেশের মধ্যে এখন গোটা দেশ। গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন, ভালোভাবে বসবাস করার আশায়। সম্প্রতি প্রায় ১৭ হাজার শ্রমিক সব ঠিক থাকার পরও যেতে পারেননি। তারা মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে তাদের জমি বিক্রি করে যেতে না পেরে কেউ ভৈরব রেল সেতুতে আত্মহত্যা করেছেন, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। এটাই সরকারের অবদান। তারা গরিব মানুষকে আরও গরিব করে দিতে চায়। কারণ কেউ যাতে রুখে দাঁড়াতে না পারে।
রিজভী বলেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম একমাস আগে ৩০টাকা ছিল। এখন ৫৫ থেকে ৬০ টাকা হয়েছে। এক ডজন ডিমের দাম বর্তমানে ১৬০-১৭০ টাকা। সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত না হয়, তাহলে সে সরকার জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করে না, কল্যাণ কামনা করে না। তারা চিন্তা করে তারা কিভাবে বিদেশে টাকা পাচার করবে, কিভাবে তারা জনগণের টাকা লুট করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর