কুমিল্লা প্রতিনিধি :: কুমিল্লা দাউদকান্দি উপজেলায় মৎস্য প্রকল্পে বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে শর্ট সার্কিটে প্রায় পঞ্চাশ লাখ টাকার মাছ মারা যাওয়ার দাবি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুরের শৈবাল মৎস্য প্রকল্পে তিন দফায় এ ঘটনা ঘটেছে। প্রকল্পটির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের একটি খুঁটি থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তার ছিঁড়ে পানিতে পড়ে। এতে ২০-২৫ মণ মাছ মারা যায়। পরে মার্চ মাসের ১৯ তারিখে একই ঘটনায় প্রায় ২০০ মণ মাছ মারা যায়। সবশেষ গতকাল রবিবার গভীর রাতে তার ছিঁড়ে পড়লে প্রায় ১৫০ থেকে ২০০ মণ মাছ মারা গেছে। এসব মাছের বাজার মূল্য ৪৫ থেকে ৫০ লাখ টাকা।
সরেজমিনে দেখা গেছে, প্রজেক্টের বিভিন্নস্থানে রুই, কাতল, গ্লাসকার্প, মৃগেল, সিলভারসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে আছে। কিছু মাছ পচে গেছে। কিছু আবার অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। আশেপাশে মরা মাছে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর তার ওপর দিয়ে চলে গেছে বিদ্যুতের লাইন। রয়েছে পুরাতন খুঁটি।
শৈবাল মৎস্য প্রকল্পের ম্যানেজার মহিউদ্দীন আলম বলেন, গভীররাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে পুরো প্রজেক্টের মাছ লাফালাফি শুরু করে। পরে বিদ্যু অফিসকে জানালে লাইন অফ করে। এই ১৫-২০ মিনিট সময়ের মধ্যেই অনেক মাছ মরে গেছে। প্রজেক্টের চারপাশে মাছ মরে ভেসে উঠছে।
শৈবাল মৎস্য প্রকল্পের পরিচালক মো. মিজানুর রহমান সরকার বলেন, এই নিয়ে তিনবার বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে আমার মাছের প্রজেক্টের প্রায় ৫০ লাখ টাকার মাছ মারা গেছে। তার অভিযোগ, বিদ্যুৎ অফিসকে জানালে তারা তার লাগিয়ে যায়। কিন্তু ২৫ থেকে ৩০ বছরের পুরাতন তার ও জরাজীর্ণ খুঁটিগুলো পরিবর্তন করা হয় না। যার কারণে বারবার তার ছিঁড়ে পড়ে আর প্রজেক্টের মাছ মারা যায়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম মো. জিহাদ বলেন, ‘আমরা খবর পেয়ে লোক পাঠিয়েছি এবং মেরামত করি পুরাতন খুঁটি স্থানে নতুন খুঁটি বসানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মজিবুল হক বলেন, ‘প্রজেক্টের উপর দিয়ে যাওয়া খুঁটির উপরে চিল, ঈগলসহ বিভিন্ন প্রজাতির পাখি মাছ শিকার করার জন্য বসে। যখন দুটি তারের শর্ট সার্কিট ঘটে এবং একটি তার নিচে পড়ে যায়। তখনই মাছ মারা যায়। আমরা খবর পেয়েছি। আমাদের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে আছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।