July 9, 2026, 7:27 am

কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Tuesday, April 29, 2025
  • 63 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে পরিচালিত কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে অভিযান পরিচালনা করে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। অভিযানে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চিকিৎসাসেবা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে সোমবার দুপুরে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ ছাড়াও রোগীদের সেবা এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা এবং মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ৮ ও ১৩ ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে জরিমানার অর্থ পরিশোধ করেন ম্যানেজার আরিফুল রহমান (৪১)।
অন্যদিকে, ইসলামিয়া ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে জরিমানার অর্থ পরিশোধ করেন মালিক ফয়সাল (৩৪)।
উল্লেখ্য, এর আগেও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন অভিযোগ উঠেছে। এর মধ্যে ২০২৩ সালের ২৩ নভেম্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া একটি মোবাইল কোর্ট পরিচালনা করে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যু সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটি সিলগালা করেছিলেন।
এর আগে ২০২৩ সালের ৪ জুলাই একই ম্যাজিস্ট্রেট মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও ২০২০ সালের ২৩ অক্টোবর কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অপারেশন করানোর ফলে এক নবজাতকের মৃত্যু ঘটে, যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর