রাজধানীর মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রড পড়ে অজ্ঞাত (১২) এক পথচারী কিশোরের মৃত্যু। আজ সোমবার (২৯ মে) দুপুর পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরকে নিয়ে আসা মো. ইমন জানান, মহাখালী ব্রিটিশ টোব্যাকোর পাশে উড়াল সড়কে কাজ করার সময় হঠাৎ একটি রড নিচে পড়ে যায়। ওই সময় নিচ দিয়ে যাওয়ার সময় শিশুর মাথায় রডটি ঢুকে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক, পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, নিহত শিশুর নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।