July 5, 2026, 2:52 pm

এক দফার প্রতি সংহতি, এবি পা‌র্টির বি‌ক্ষোভ শুক্রবার

Reporter Name
  • আপডেট Wednesday, July 12, 2023
  • 144 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সরকার পদত্যাগে এক দফা আন্দোলনের প্রতি সংহতি ও রাষ্ট্র মেরামতের অঙ্গীকারসহ এবি পার্টি ঘোষিত দুই দফার ভিত্তিতে সকল দলের ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আগামী শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বুধবার বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে কর্মসূ‌চি ঘোষণা ক‌রেন দল‌টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির আহ্বায়ক সাবেক জনপ্রশাসন সচিব এএফএম সোলায়মান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

এএফএম সোলায়মান চৌধুরী বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবির প্রতি আমার বাংলাদেশ পার্টি সংহতি প্রকাশ করছে। সেই সাথে এবি পার্টি রাষ্ট্র মেরামতের রূপরেখা নির্ধারণ করে তা বাস্তবায়নে সকল দলের ঐক্যমত প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। শুধু সরকার পরিবর্তনেই এই রাষ্ট্রের কোনও পরিবর্তন অতীতে সাধিত হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই। তিনি রাষ্ট্র মেরামতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, আজ দুঃখ ও হতাশার পুঞ্জীভূত ক্ষোভে জন-মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা আমাদের দুই দফা দাবির পাশাপাশি ‘অবিলম্বে বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন’র ‘এক দফা’ দাবির প্রতি সংহতি ঘোষণা করছি।

বিএনপি’র সাথে যুগপৎ আন্দোলনে শামিল না হয়েও চলমান আন্দোলনে স্বতন্ত্র অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সংগ্রামরত সকল রাজনৈতিক শক্তিকে একযোগে রাজপথে নামতে হবে। আমরা অধিকার সচেতন একটি গণতান্ত্রিক সংগ্রামের স্বতন্ত্র ধারা গড়ে তুলতে চাই, তাই অবাধ ও সুষ্ঠু ভোট, জনপ্রতিনিধিত্বশীল সরকার ও গণতন্ত্রের চলমান সংগ্রামের এই পর্বে কারও মুখাপেক্ষী না হয়ে স্বাধীনভাবেই সকলের অংশগ্রহণ করা উচিত বলে মনে করি। ফলে আমাদের দল নিজস্ব নীতি ও পরিকল্পনার আলোকে অতীতের মত স্বাতন্ত্র্য বজায় রেখে ‘এক দফা’র প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ‘দুই দফা’ দাবিতে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, আব্দুল বাসেত মারজান, প্রকৌশলী মোহাম্মদ লোকমান, যুবনেতা শাহাদাতুল্লাহ টুটুল, মেহেদী হাসান চৌধুরী পলাশ, ফিরোজ কবির, মোহাম্মদ প্রিন্স, কেফায়েত হোসেন তানভীর, আলী নাসের খান, আব্দুল হালিম নান্নু, সুমাইয়া শারমিন ফারহানা, আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, সুলতানা রাজিয়া, শিলা আক্তার, প্রকৌশলী নুর মোহাম্মদ, জামিল আব্দুর রব, আব্দুল মান্নান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর