এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: জুলাইয়ের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর উত্তরায় নব নির্মিত ‘মুগ্ধ মঞ্চের’ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং মীর মুগ্ধ মঞ্চ কমিটির যৌথ উদ্যোগে এ মঞ্চ স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মুগ্ধ মঞ্চ আমাদের মনে করিয়ে দেবে কোনো স্বৈরাচারী ব্যবস্থা এ দেশে টিকতে পারবে না। সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চালিয়ে যেতে হবে এবং দেশের সর্বস্তর থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলতে হবে।
তিনি আরো বলেন, গণতন্ত্র চর্চার সবচেয়ে বড় স্থান হলো গণপরিসর বা পাবলিক স্পেস, যেখানে বিভিন্ন মতের মানুষের মিলন ঘটে। এ কারণেই নাগরিক ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করে, সকল অবৈধ দখল উচ্ছেদ করে গণপরিসর উন্মুক্ত করে দিতে হবে।
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমরা পুরনো বাংলাদেশে ফিরতে চাই না। নতুন বাংলাদেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন, তা আমাদের করতে হবে এবং আমরা তা করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাইয়ের শহিদ ও আহতরা আমাদের বিদ্রোহী হতে শিখিয়েছে, তারা আমাদের অনুপ্রেরণা জোগাবে। যদি ‘জুলাই সনদ’-এর আইনগত ভিত্তি না থাকে, তাহলে তা কোনো কাজে আসবে না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকার যেসব স্থানে জুলাই আন্দোলনে আন্দোলনকারীরা পুলিশের গুলিতে শহিদ হয়েছেন, সেখানে স্থায়ীভাবে স্মৃতিচিহ্ন বা ‘মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ করা হবে। জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য এবং আহত আন্দোলনকারীরাও আলোচনায় অংশ নেন।
জুলাই আন্দোলনে আহত আব্দুল আজিজ বলেন, জুলাইয়ে আন্দোলনের নেতৃত্ব ধ্বংস করতে টার্গেট করে গুলি চালানো হয়েছিল। যারা উত্তরায় গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ সরকারের উপদেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রজন্মের তরুণ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।