স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আজ শুক্রবার বিকালে গাজীপুরের চন্দ্রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন আসেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম (বার)। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন।
এ সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, পবিত্র ঈদ-উল-আযহা শান্তিপূর্ণভাবে যেন পালন করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্য কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট ও ছবি আপলোড করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে নাশকতার কোন সম্ভাবনা নেই। পরিবহণে অতিরিক্ত যাত্রী বহনকারী ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রেস ব্রিফিং এর পূর্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতকৃত গাড়িতে ড্রাইভার ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ড্রাইভারদের বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দেন।
এ সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।