মো: মুর্শিকুল আলম, টঙ্গী:: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমার জামাত আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের। দুপুর ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৬ মিনিটে। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আগামীকাল রবিবার প্রথম ধাপের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের। তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান এ তথ্য জানান।
এক মুসল্লীর মৃত্যু: ইজতেমায় আগত এক মুসল্লীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেন গাজীপুর ছেলে। জুমার নামাজের পর ইজতেমা ময়দানে ওই মুসল্লীর জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকার উপকণ্ঠ টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে শরীক হয়েছেন লাখো মুসল্লি। জুমার জামাতে শরীক হতে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথ, সড়ক পথ, নৌপথসহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে শরীক হন এই বৃহত্তম জুমার জামাতে। বিশ্বের অর্ধশতাধিক দেশের সহস্রাধিক প্রতিনিধিসহ লাখো মুসল্লির অংশগ্রহণে অসীম, অনন্ত ও প্রেমময় আল্লাহ’র সন্তুষ্টি অর্জনে ইবাদত বন্দেগি আর কোরআন হাদিসের আলোচনায় এখন বিশ্ব ইজতেমার বিশাল প্যান্ডেলে পবিত্র ধর্মীয় আবহাওয়া বিরাজ করছে। আগামীকাল রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশের আলমী শূরার তত্ত্বাবধানে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম দফার প্রথম ধাপ শেষ হবে।
এদিকে আজ শুক্রবার সকাল থেকেই সর্বস্তরের মুসলমানরা জুমার জামাতে শামিল হওয়ার জন্য টুপি, পাঞ্জাবী পরে জায়নামাজ হাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইজতেমা ময়দানের দিকে ছুটতে দেখা গেছে। দেশ বিদেশের মুসল্লির সাথে একই জামাতে শরীক হয়ে নামাজ আদায় করার মাধ্যমে বেশি সাওয়াব হাসিলের উদ্দেশে সবার মধ্যে দেখা গেছে ব্যাকুলতা।
যতই সময় গড়াতে থাকে ততই মুসল্লিদের ঢল আঁচড়ে পড়ে তুরাগের তীরে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের সমাবেশ ঘটে জুমার জামাতে। টঙ্গী, উত্তরা, কামারপাড়া, মিরপুর, আব্দুল্লাহপুরসহ আশপাশের এলাকার মসজিদে জুমার জামাতে মুসল্লির সংখ্যা কম ছিল। ইজতেমা মাঠে জুমার জামাত সুবিশাল প্যান্ডেলের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃতি লাভ করে চারপাশে। সকাল থেকেই মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান পরিণত হয় জনসমুদ্রে। মাঠে স্থান না পেয়ে অনেকে মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের টঙ্গী মুখি স্রোত অব্যাহত রয়েছে। প্রত্যেকের মাথায় টুপি ও পাঞ্জাবি। সর্বত্র একই পোশাক হওয়ায় টঙ্গীর নগরী এখন টুপি পাঞ্জাবি নগরী। বহুল কাঙ্ক্ষিত আখেরী মোনাজাত পর্যন্ত এ স্রোত আরো প্রবল হবে। তুরাগ তীরবর্তী বিশাল প্রান্তরে নির্মিত পাটের চট ও লাইলন কাপড়ের প্যান্ডেল ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন করে যারা আসছেন তাদেরকে নিজ উদ্যোগে তাবু টানিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিতে হচ্ছে।
আজ শুক্রবার বাদ ফজর পাকিস্থানের মাওলানা জিয়াউল হকের আ’ম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। শুক্রবার বাদ জুমা বয়ান করেন জর্ডানের মাওলানা শেখ উমর খতিব। বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।