July 25, 2026, 7:42 pm

আ. লীগ ইতিহাস বিকৃত করার সর্বোচ্চ চেষ্টা করেছে : জ্বালানিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, July 25, 2026
  • 3 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ইতিহাস কখনো স্থায়ীভাবে বিকৃত করা যায় না উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত দুই দশকেরও বেশি সময় ধরে ইতিহাস বিকৃত করার সর্বোচ্চ চেষ্টা করেছে আওয়ামী লীগ। কিন্তু তারা সেটি পারেনি। নিজেদের মতো ইতিহাস তৈরি করতে গিয়ে বিগত সরকার ঈর্ষান্বিতভাবে বগুড়াসহ পুরো উত্তরাঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আজ শনিবার (২৫ জুলাই) বগুড়ার মম ইন হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, রাজনৈতিক বৈষম্যের কারণে দীর্ঘদিন ধরে কর্মসংস্থানসহ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে ছিল বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি টেনে তোলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনি তারেক রহমানও দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। সরকারি কর্মকাণ্ডে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নানামুখী ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। এরই অংশ হিসেবে মন্ত্রীদের গাড়ির জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এক কথায়, দেশের কল্যাণে একটি যুদ্ধকালীন সরকারের মতো বিরতিহীনভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী। দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সোলার প্যানেল ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজে উত্তরাঞ্চলের প্রতি বৈষম্যমূলক আচরণ দেখেছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও বহু মেধাবী কর্মকর্তাকে ভালো পদে পদায়ন করা হয়নি। বর্তমান সরকার সব ধরনের বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার দুর্নীতির পথ বন্ধ করে প্রকৃত উন্নয়নে মনোনিবেশ করেছে। উত্তরাঞ্চলের ৫টি জেলা দীর্ঘ প্রায় ১৭ বছর অবহেলার শিকার ছিল। প্রধানমন্ত্রী তাকে কম কথা বলে কাজ ও মানুষের কল্যাণে মনোযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার সভাপতি ড. সিএম ইদরিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মতিউর রহমান।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থায় উপদেষ্টা ড. মশিউর রহমান ও সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসাইন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আব্দুল মুহিত তালুকদার, ইকরামুল বারী টিপুসহ বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ এলাকার বেশ কয়েকজন সংসদ সদস্য, জেলা ও সিটি করপোরেশন প্রশাসক এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর