মোঃ আক্তার হোসেন ঢালি:: দীর্ঘ ২৩ বছরের কারাভোগের অবসান ঘটিয়ে অবশেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, কারানির্যাতিত শ্রমিক নেতা নুরুল আমিন।
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর আজ মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি কারাগার থেকে মুক্তি পান। তাঁর মুক্তির খবরে গাজীপুরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। কারাগার থেকে বের হওয়ার পর তারা নুরুল আমিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর বিএনপির অন্যতম নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক আরাফ রিফাতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে একটি মামলার বোঝা মাথায় নিয়ে নুরুল আমিনকে কারাভোগ করতে হয়েছে। তাঁর মুক্তির মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। তারা আশা প্রকাশ করেন, গাজীপুরের মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত যেসব নেতাকর্মী দীর্ঘদিন বিভিন্ন কারণে কারাবন্দি বা প্রবাসে রয়েছেন, তারাও একে একে স্বজন ও মানুষের কাছে ফিরে আসবেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, “একজন একজন করে গাজীপুরের মাটি ও মানুষের কাছে সবাই ফিরে আসবে, ইনশাআল্লাহ।” নুরুল আমিনের কারামুক্তিকে ঘিরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘ ২৩ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে কারাগারের সামনের এলাকা। নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের আইনি প্রক্রিয়া ও কারাভোগের পর নুরুল আমিনের মুক্তি তাদের জন্য একটি স্বস্তির খবর। তার মুক্তির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও মন্তব্য করেন তারা।