নিজস্ব প্রতিবেদক:: শিল্পাঞ্চল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বাসা তল্লাশি করে একটি বিদেশি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো ১৩টি চাপাতি, ৪টি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেন সেনা সদস্যরা। গ্রেপ্তাররা হলেন— মো. বিশাল (২০), নাজমুল (২০), শিপন (২২)।
গ্রেপ্তার ও উদ্ধার অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।