July 10, 2026, 5:17 pm

আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু

Reporter Name
  • আপডেট Tuesday, April 2, 2024
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। নতুন এ প্রকল্পের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) সাইটে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের আগ্রহ প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন-রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। রসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ-রাশিয়া কৌশলগত সহযোগিতার বিষয়গুলো স্থান পায়। এ বিষয়ে আলেক্সি লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জিত হতে যাচ্ছে। চলতি বছর শেষের পূর্বেই প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ হবে। বর্তমানে আমরা নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছি। রূপপুর এনপিপি সাইটে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের ব্যাপারে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও উচ্চক্ষমতা সম্পন্ন মাল্টিপারপাস গবেষণা রিয়্যাক্টর নির্মাণের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। গবেষণা রিয়্যাক্টর বিজ্ঞান ও নিউক্লিয়ার মেডিসিন ক্ষেত্রে বিভিন্ন সমাধান দিতে সক্ষম। রসাটম মহাপরিচালক গতকাল সোমবার ঢাকায় আসেন এবং তারপর তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও গ্রিন সিটি আবাসিক এলাকা পরিদর্শন করেন।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঈশ্বরদী উপজেলার রূপপুরে দু’টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। সর্বাধুনিক ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপিত হচ্ছে প্রতিটি ইউনিটে। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটমের প্রকৌশল শাখা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর