নিজস্ব প্রতিবেদক, নাটোর :: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুল কুদ্দুস ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা। সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তাঁর সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়, আব্দুল কুদ্দুস তাঁর সংসদীয় আসন তথা গোটা নাটোর জেলার সাধারণ মানুষের মনে গভীর ভালোবাসার স্থান করে নিয়েছেন। এই বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্যের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তাঁর একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালেন। প্রধানমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।