নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, ‘সরকার যে একটা একতরফা প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সেই কুমতলব ইউরোপীয় ইউনিয়ন বুঝে ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসে সরকারীদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করেছে, তারা নির্বাচন কমিশনের সাথেও কথা বলেছে।’ আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত ১ দফা দাবিতে মিছিল ও বিক্ষোভ চলাকালে এসব কথা বলেন মজিবুর রহমান মন্জু।
তিনি বলেন, আন্তর্জাতিক মহল পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। সরকার গোঁয়ার্তুমি করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকতে তারা একের পর এক রেড সিগন্যাল অগ্রাহ্য করার কারণে বিপর্যয় আসন্ন’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এবি পার্টির যুগ্ম-সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হকের সভাপতিত্বে ও দলের সিনিয়র সহকারী সদস্য-সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সদস্য-সচিব মজিবুর রহমান মন্জু।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সুপারিশ অগ্রাহ্য করে একতরফা নির্বাচন করলে আমাদের রফতানিমুখী গার্মেন্টস শিল্পের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন না হলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমাদের নিরাপত্তা বাহিনী’র বন্ধ হতে পারে। এর পুরো দায় সরকারকে বহন করতে হবে। তিনি অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান, বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স ও যুব নেত্রী অ্যাডভোকেট সুলতানা রাজিয়া। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এবি পার্টির কেন্দ্রীয় অফিস চত্বরে এসে শেষ হয়।







