July 9, 2026, 12:17 pm

আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের দুর্নীতির দায় এই সরকার এড়াতে পারে না : শামসুজ্জামান দুদু

Reporter Name
  • আপডেট Friday, May 24, 2024
  • 121 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের দুর্নীতির দায় এই সরকার এড়াতে পারে না। আজ শুক্রবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুলতান সালাউদ্দিন টুকু ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমি জানি আপনি (প্রধানমন্ত্রী) অস্থিরতার মধ্যে আছেন। এক সময়ের আপনার সেনাপ্রধান আজিজ আহমেদ বর্তমানে সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন।
তিনি আরও বলেন, আজকে আপনি বাংলাদেশের রাস্তা-ঘাট-বন্দর পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন। আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে আপনি এমন কিছু দিয়েছেন যেটি ভারত কখনোই ভুলতে পারবে না। সাদাচামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? কে আপনার কাছে দাবি করেছে যে সাদাচামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে— এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে কিনা সেটার প্রশ্ন দেখা দিয়েছে।
কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, চারিদিকের যে পরিস্থিতি এখন সরকারের অস্তিত্ব নিয়ে টান পড়েছে। সরকার থাকবে কিনা, কবে যাবে, কত তারিখে পদত্যাগ করবে— এই প্রশ্ন দেখা দিয়েছে। এরপরেও আমি শেখ হাসিনাকে বলবো, আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেন। তাহলে হয়তো রেহাই পেলে পেতেও পারেন। অন্যথায় যদি আন্দোলনের মাধ্যমে আপনার পতন হয় তাহলে সে পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন না।
গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ্ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর