স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনে মেয়র জায়েদা খাতুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন আগামীকাল সোমবার। আজ রবিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সভা কক্ষে ভারপ্রাপ্ত মেয়রে শেষ কর্মদিবস ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আজকে আমি চলে যাচ্ছি। আমি আগামীকাল সোমবার ১২ টা পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবো। আগামীকাল নতুন মেয়র হেসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন জায়েদা খাতুন। তিনি যদি মনে করেন, তার কখনো সহযোগিতা দরকার, আমরা তাকে সহেযাগিতা করবো।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে গাজীপুর সিটি করপোরেশনে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দুই বার দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেনে। এই জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের এই সিটিতে বেহাল অবস্থা ছিলো। সেই দশা থেকে আজ এটি বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান। আমার কর্মকালীণ সময়ে জনগনের স্বার্থে আমাদের কাজগুলো আমরা একটি প্রতিবেদন আকারে একটি বইয়ে প্রকাশ করেছি। প্রতিবেদনে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা আছে।
এদিকে আগামীকাল সোমবার নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সলরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর নির্বাচিত দুইজন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নির্বাচিত কাউন্সিলরের সমন্বয়ে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছিলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কাউন্সিলর আসাদুর রহমান কিরণ।