মো: জাফর আলী:: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটি মেধাহীন জাতি গঠন করতে চেয়েছিল। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক, মানসিক ও মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আজ মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ পরিদর্শন ও নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, বিএনপির দলীয় হাইকমান্ড থেকে গাজীপুর-৬ আসনে নির্বাচনি মাঠ গোছাতে আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সে লক্ষ্যে আমি টঙ্গী, পূবাইল ও গাছা এলাকার মানুষের সেবক হিসেবে সবার দ্বারে দ্বারে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরছি।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর রশিদ সভাপতিত্বে এবং শিক্ষক আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাজী বাবর আলী, শিক্ষক মাহবুবুল আলম শাহীন, আনিছুর রহমান, ইউসুফ হাসান খান, মোহাম্মদ শহিদুল্লাহ, আশরাফ উল্লাহ, মোস্তাফিজুর রহমান, রাখি সাহা ও লতিফা পারভীন প্রমুখ।