আক্তার হোসেন ডালিঃ মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছেন মোঃ নুরুল ইসলাম দিপু। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সাধারণ মানুষের জান–মাল সুরক্ষায় সর্বস্তরের জনগণকে সতর্ক ও সক্রিয় থাকার পরামর্শ দেন।
বিবৃতিতে দিপু বলেন, “যারা জনগণের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করবে কিংবা নাশকতার চেষ্টা করবে—তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের স্বার্থে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক উত্তেজনা বাড়লে সাধারণ মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে পড়ে। তাই পরিস্থিতি শান্ত রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
দিপুর মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতাই স্থিতিশীলতা বজায় রাখতে মুখ্য ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, “দেশের বিরুদ্ধে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা এখন জাতীয় দায়িত্ব।”
স্বতন্ত্র বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশে সংযম, আইনের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহযোগিতাই দেশের স্থিতিশীলতা বজায় রাখার মূল ভিত্তি।