এদিকে আজ সোমবার বিকেলে গাজীপুর জেলা আদালতপাড়া এলাকা থেকে মহানগর যুবদল সভাপতি রুহানুজ্জামান শুক্কুরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্কুর একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আইনজীবীর চেম্বারে বসে অপেক্ষা করছিলেন। এসময় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আইনজীবী সমিতির হল রুম ঘিরে অবস্থান নেয়। এদিকে কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিবলু বকশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া গাজীপুরের শ্রীপুর থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব-১।র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, গত ২৯ অক্টোবর সকালে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সরকারের নেতৃত্বে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বেরিকেড তৈরি করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় একটি কাভার্ডভ্যানসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় এবং হরতালের পক্ষে স্লোগান দেয়।
এ বিষয়ে প্রভাতী বনশ্রী পরিবহনের বাস চালক মো. আব্দুল মালেক (৫০) শ্রীপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈনাবাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব।