May 15, 2026, 1:36 am

মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু ডিএসসিসির

Reporter Name
  • আপডেট Saturday, July 12, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ জুলাই) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভয় দাস লেন-নারিন্দা-ওয়ারী তৎসংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভোর ৬টায় শুরু হওয়া এ অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ এই অভিযানে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, নগরের পরিচ্ছন্নতার জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সবার একসঙ্গে কাজ করা। শুধু সিটি করপোরেশন বা সরকারের একার পক্ষে কাজ সাসটেইনেবল হয় না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জুলাই মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। নগরবাসী-ডিএসসিসি-গণমাধ্যম সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে আশাবাদ ব্যক্ত করে প্রশাসক বলেন, বিগত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ইতিবাচক ফলাফল এরই মধ্যে দৃশ্যমান হওয়া শুরু করেছে। পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর