স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার সকালে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড় ‘৩৬ জুলাই চত্বরে’ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দীন আইউবী।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, আজহারুল ইসলাম মোল্লাসহ স্থানীয় জামায়াত ও শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বলেন, গণভোটের রায়কে গুরুত্ব না দিয়ে সরকার কেবল লোকদেখানো সংশোধনীর পথে হাঁটছে, যা জনগণের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী।
নেতৃবৃন্দ আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার পরিবর্তে সরকার নিয়ন্ত্রণের রাজনীতি শুরু করেছে। এর ফলে দুর্নীতি ও দমন-পীড়নের পথ আরও প্রশস্ত হচ্ছে। সমাবেশ থেকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। একই সাথে জনগণের অধিকার রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে মহানগর জামায়াত, ছাত্রশিবির এবং এনসিপি-র জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।