May 15, 2026, 8:15 pm

গাজীপুরের শ্রীপুর থেকে মানবতাবিরোধীঅপরাধ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Friday, June 2, 2023
  • 170 জন দেখেছে

গাজীপুরের শ্রীপুর থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার র‌্যাব-২ তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃত আসামির নাম মো. শহর আলী (৭৬)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত জাবেদ আলীর ছেলে।
র‌্যাব জানিয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. শহর আলী ও অন্যান্য রাজাকার সদস্য অপহরণ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, অগ্নিসংযোগ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন। ৭১ সালের ২৩ মে দিবাগত রাতে শহর আলীসহ ১৫-১৬ জন সশস্ত্র রাজাকার ও ৫-৬ জন পাকিস্তানি আর্মি ফুলপুর থানাধীন মৈশাকান্দা গ্রামের স্বাধীনতাকামী মানুষ ও এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের নির্যাতন করে ১০-১২টি বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এছাড়া ১৯৭১ সালের ৪ আগস্ট ফুলপুর থানা শান্তি কমিটির চেয়ারম্যান ও রাজাকার রজব আলী ফকিরের নেতৃত্বে শহর আলীসহ ২০-২৫ জন সশস্ত্র রাজাকার ফুলপুর থানাধীন পূর্ব বাখাই ও পশ্চিম বাখাই এলাকার স্বাধীনতাকামী নিরীহ মানুষের বাড়িঘর লুটপাট এবং ৯-১০ জন বাঙালিকে কংশ নদীর শর্চাপুর ঘাটে নিয়ে গুলি করে হত্যা করে। এরই প্রেক্ষিতে ২০১৭ সালের ৬ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ২০১৯ সালের ১৯ মার্চ মো. শহর আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন। র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি চালিয়ে এবং গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর