ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা এবং অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে গত রবিবার (১১ জুন) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবুজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক রেখে গেছেন।
কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। সবুজ হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদে দু’বার সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন।এ ছাড়াও তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।