সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গাজীপুর নগরীতে ২৩ মে রাত থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এছাড়া ২৪ মে রাত থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত মহানগর এলাকায় ভারী যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এতে ২৪ মে রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যেকোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ ছাড়া ২৩ মে রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।