নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সরকার দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনারও পাঁয়তারা করছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণের তিনদিনের কর্মসূচির উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
বাকশালী সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ’ বলে মন্তব্য করে তিনি বলেন, এই দানব সরকারকে সরাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়রদের অনির্বাচিত দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করেছে সেখানেও তারা চুরি করেছে, তাদের প্রধান লক্ষ্যই চুরি করা।
তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছেন তো ভালো কথা। তিনি আমাদের অনেক বড় মেহমান। সেই মেহমানকে নাচ-গান দিয়ে স্বাগত জানিয়েছেন ভালো কথা। কিন্তু এখন নাকি ১০টি এয়ারবাস কেনা হবে। আসল লক্ষ্য এই এয়ারবাসে কমিশন পাওয়া। কারণ বোয়িংয়ে কমিশন পাওয়া যায় না। দেশের মানুষকে খেতে দিতে পারে না। অথচ এখন আবার নাকি স্যাটেলাইট-২ তৈরি করবে। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।