স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে শ্রেষ্ঠ তিন মৎস চাষীকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জাতীয় মৎস সপ্তাহ-২০২৩ উপলক্ষে এক মতবিনিময় সভায় ওই তথ্য জানানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান তাদের হাতে ওই পুরস্কার তুলে দেন। পুরস্কৃতরা হলেন গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুরের বহরিয়াচালা এলাকার মো. ফয়সাল শিকদার, শ্রীপুর উপজেলার দমদমা এলাকার মো. আকরাম হোসেন ও কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্ধ এলাকার মো. নাজির হোসেন। তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়েছে।
মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জাতীয় মৎস সপ্তাহ-২০২৩ উপলক্ষে ওই মতবিনিময় সভায় গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমএ বারী, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা মৎস কর্মকর্তা কায়সার মুহাম্মদ মঈনুল হাসান, সহকারি জেলা মৎস কর্মকর্তা জহিরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস কর্মকর্তা কায়সার মুহাম্মদ মঈনুল হাসান জানান, গাজীপুরে ৩৪.০৪ লক্ষ মানুষের জন্য মাছের চাহিদা রয়েছে ৬০হাজার ৩১২ মে. টন। এখানে মোট মৎস উৎপাদন হয় ৫৬হাজার ৫৬৮ মে.টন। এ তথ্যানুযায়ী গাজীপুরে মাছের ঘাটতি রয়েছে ৩হাজার ৭৪৪ মে.টন। অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, বিগত ১০ বছরে স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ ২য়, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম, ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম, তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ এবং এশিয়ায় ৩য় স্থানে রয়েছে।
গাজীপুর জেলার সহকারি মৎস কর্মকর্তা জহিরুল আমিন জানান, এ উপলক্ষে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী ও ভাওয়াল রাজদীঘিসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।