May 31, 2026, 6:05 pm

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Tuesday, July 25, 2023
  • 94 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ মঙ্গলবার ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‍্যাংক ব্যাজ পরানো শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এবং নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তারা জাতির এ মহানায়কের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।পরে নৌপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। নবনিযুক্ত নৌপ্রধান নৌ সদরে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন।এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, সকল পরিদপ্তরের পরিচালকরা এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর