বিজয়বাংলাটিভি ডেস্ক:: বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে তিনি প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ দুই দেশের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম হিসেবে অভিহিত করেন। অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংসদীয় পর্যায়ে যোগাযোগ আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। একই দিন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম উর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ শরিফ। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দলটির দেওয়া প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।
এ ছাড়া চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে চীনের মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করা ‘শেনঝো-২৪’ মিশনকে পাকিস্তান ও চীনের দৃঢ় বন্ধুত্বের জীবন্ত প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। দেশের স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) এবং প্রাদেশিক সরকারগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনাও দিয়েছেন শাহবাজ শরিফ। পাশাপাশি রত্নপাথর খাতের রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন, আধুনিক খনন প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরির ওপর জোর দিয়েছেন তিনি। এ লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের জন্য শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে পাঠানোর নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।