November 26, 2026, 9:22 pm

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, November 26, 2026
  • 26 জন দেখেছে

নাটোর প্রতিনিধি:: বিএনপি সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের শতকরা ৫০ ভাগ এমপিওভুক্তির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যে অগ্রযাত্রা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, অনেক শিক্ষক রয়েছেন যারা ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। এমন শিক্ষকদের তালিকা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কখনো বাজেটের অভাব হয়নি। শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন, তা সরকার সবসময় করে আসছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় মন্ত্রণালয় কোনটি- এমন প্রশ্নের জবাবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেন।
শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেয়েদের জন্য সাড়ে তিন লাখ সাইকেল কেনার প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের ১০ লাখ মেয়েকে সাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ৩০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে। প্রথম ধাপে ভালো ফলাফল করা ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে কম্পিউটার দেওয়া হবে।
তিনি আরও জানান, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। এসব উদ্যোগের পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নে আরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদারসহ বিএনপির নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর