বিজয়বাংলাটিভি ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ২৬৫ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে ঢাকা বিভাগে মারা গেছে এক শিশু। একই সময়ে নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা বেড়ে ২৬ হাজার ৪৭৬ জনে পৌঁছেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।