November 23, 2026, 8:06 pm

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

Reporter Name
  • আপডেট Monday, November 23, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম করে অধিকার আদায় করেছে। আমি বিশ্বাস করি, দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশের মানুষ সেগুলো রুখে দিতে সক্ষম হবে। আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য দেশ প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে। এ সময় তিনি বৌদ্ধ ধর্মীয় প্রয়াত নেতাদের স্মরণ করেন এবং তাদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, তাদের কর্ম ও অবদানের জন্য তারা আমাদের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন। একইসঙ্গে তিনি গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে মানুষকে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথ অনুসরণের আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু আজ আমাদের সেই সুযোগকে বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ সবসময় এ ধরনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে।
বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা, শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর