November 23, 2026, 7:09 pm

১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল

Reporter Name
  • আপডেট Monday, November 23, 2026
  • 27 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে। তবে উদ্বোধনের পরপরই এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না। প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। পুরোপুরি চালু করতে আরও ১৪ মাস সময় লাগবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির সীমিত পরিসরে কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে সেদিন থেকেই টার্মিনালের সব কার্যক্রম চালু করা সম্ভব হবে না। পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য আরও প্রায় ১৪ মাস প্রয়োজন হবে।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের তারিখ নির্ধারণ করলে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্প দেশের বিমান পরিবহন খাতে সক্ষমতা বাড়ানোর অন্যতম বড় উদ্যোগ। এর আগে গত আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরীক্ষামূলকভাবে তৃতীয় টার্মিনাল ব্যবহার করে। তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা সংক্রান্ত সমঝোতা না হওয়ায় তখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, সোজিতজ করপোরেশন এবং জাপানের একটি সরকারি সংস্থা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল এই কনসোর্টিয়ামের। জাইকার অর্থায়নে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দুই বছরের জন্য দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তে জাপানি কনসোর্টিয়ামের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ২০২৩ সালের অক্টোবর মাসে টার্মিনালটির সফট ওপেনিং অনুষ্ঠিত হয়। নতুন এই স্থাপনা চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বছরে ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। একই সঙ্গে কার্গো পরিবহনের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
তৃতীয় টার্মিনালটি ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত। সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতে এটি দেশের বিমান পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র বা হাব হিসেবে গড়ে উঠবে এবং আন্তর্জাতিক যোগাযোগ ও যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে। ২০১৯ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হওয়া তৃতীয় টার্মিনালটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত হয়েছে। এর মোট ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই টার্মিনালে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক। নতুন টার্মিনালটি চালু হলে দেশের বিমানবন্দর অবকাঠামো ও যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর