November 23, 2026, 11:20 am

আজ এনসিপির সঙ্গে বৈঠক রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, November 23, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক অপতৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়া আরও সুদৃঢ় করতে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ও দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নাশকতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলা এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দলগুলোর সঙ্গে বসছে সরকার। এর অংশ হিসেবে আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক হবে। বৈঠকে এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। তারা হলেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী চেয়েছিল ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসঙ্গে বসতে। এর নেতৃত্বও দেবেন তারা। কিন্তু এনসিপি আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়।
এনসিপি সূত্র জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারে এনসিপি।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ একাধিক শীর্ষ নেতা বৈঠকে অংশ নিতে পারেন।
এসনিপির নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সংলাপটি ইতিবাচক। তবে সংলাপে অংশ নেওয়াকে রাজনৈতিক ঐক্যের বিষয়ে সম্মতি হিসেবে দেখছে না দলটি। বরং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরসহ কয়েকটি মৌলিক ইস্যুতে সরকারের সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করতে হবে। তা না হলে ঐক্যের মধ্যে ফাটল থেকে যাবে।
গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তিনি বলেন, আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারের একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে তারা আন্তরিক কি না, তার স্পষ্ট বার্তা দরকার। অন্যথায় সরকার শুধু ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ঠেকানোর কথা বলে জাতীয় ঐক্যের আহ্বান জানাবে, আর জানুয়ারিতে ফের একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে—এ ধরনের কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না। এখন রাজনৈতিক দলগুলো জনগণকে সংস্কার ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ফের রাজপথে নামাবে, অথচ বিপ্লব শেষ হলে সেই অঙ্গীকার ভঙ্গ করবে—এমনটি হলে জনগণ আর সাড়া দেবে না।
জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গেও পৃথক বৈঠক: জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এক সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেছেন। দুই দেশে সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। জামায়াত আমির দেশে ফেরার পর তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেবে।
দলীয় সূত্র জানায়, আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হতে পারে। এমনটা ধরে নিয়েই সংলাপ প্রস্তাবে কাজ করছেন জামায়াতের দায়িত্বশীল নেতারা।
বিএনপির সূত্র জানিয়েছে, জামায়াত ও এনসিপি ছাড়াও জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠক হবে। পরে প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে। তবে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো আমন্ত্রণ পায়নি জামায়াতে ইসলামী।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান কালবেলাকে বলেন, আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। সেই ফ্যাসিবাদ ঠেকাতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান করেছেন, রাষ্ট্র পুনর্গঠনে আমরা যারা ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ছিলাম, যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি সেই গণঅভ্যুত্থানের মতো ফের ঐক্যবদ্ধ থাকা সবার নৈতিক দায়িত্ব। ২০২৪ সালে ছাত্র-জনতাকে যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, সে গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা এবং রাষ্ট্র পুনর্গঠনে যাতে একে অপরকে সহযোগিতা করে, সে লক্ষ্যেই এই জাতীয় ঐক্যের আহ্বান।
গণঅভ্যুত্থানের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সরকার বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়। এখন এই সংলাপের মাধ্যমে সেই দূরত্ব ঘুচবে কি না? এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি ও বিরোধী দল এরকম থাকবেই। কিন্তু জাতীয় কিছু বিষয় যেমন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থান এটাও আমাদের জাতীয় ঐক্যের একটা বিষয়। সুতরাং এ বিষয়গুলোয়তে আমাদের ঐকমত্যের জায়গায় থাকার বিকল্প নেই। সেইসঙ্গে ফ্যাসিবাদকে প্রতিহত করাও আমাদের গণঅভ্যুত্থানের শক্তির একটা দায়িত্ব। সুতরাং এ বিষয়গুলোতে আমাদের মধ্যে কোনো ফাটল ধরবে বলে মনে করি না। আমি মনে করি রাষ্ট্রের প্রধান নির্বাহী জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর আহ্বানে কারও সাড়া না দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল ও বিএনপির দাবির মধ্যে কোনো ভিন্নমত আছে বলে মনে করি না। কারণ যে জুলাই জাতীয় সনদে বিএনপি স্বাক্ষর করেছে, অন্যান্য দল স্বাক্ষর করেছে, একই জুলাই সনদে জামায়াতও স্বাক্ষর করেছে। অবশ্য কয়েকটি দল সে সময় স্বাক্ষর করেনি। সুতরাং এ মুহূর্তে যারা প্রধান বিরোধী দল এবং যারা সরকারে আছে তাদের দাবির মধ্যে তো আসলে কোনো ভিন্নমত থাকার সুযোগ নেই। যেহেতু একই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি এবং বিএনপি বারবার বলছে যে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ পুরোটাই বাস্তবায়ন করব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর