November 22, 2026, 8:18 pm

গবেষণায় আন্তর্জাতিক মান ও নৈতিকতা নিশ্চিতে গাকৃবিতে প্রশিক্ষণ

Reporter Name
  • আপডেট Sunday, November 22, 2026
  • 27 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গবেষণার গুণগত উৎকর্ষ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড ইন্টেগ্রিটি: ফস্টারিং এথিক্যাল অ্যান্ড রেসপনসিবল রিসার্চ অ্যাট গাকৃবি’ শীর্ষক প্রশিক্ষণে বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন।
চারটি অধিবেশনে সাজানো প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী। প্রথম অধিবেশনে গবেষণার গুণগত মান, উদ্ভাবন ও বৈশ্বিক গবেষণা-মানদণ্ড নিয়ে আলোচনা করেন ভিসি অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। তিনি গবেষণায় মৌলিকত্ব, উদ্ভাবনী চিন্তা, পদ্ধতিগত উৎকর্ষ, মানসম্মত প্রকাশনা ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
দ্বিতীয় অধিবেশনে টেকসই উন্নয়নে দায়িত্বশীল কৃষি গবেষণার অগ্রযাত্রা বিষয়ে বক্তব্য দেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ জাহিদুর রহমান। তিনি পরিবেশের ভারসাম্য, জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কৃষকের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে গবেষণা পরিচালনার কথা বলেন।
তৃতীয় অধিবেশনে গবেষণার সততা, প্রকাশনা-নৈতিকতা ও দায়িত্বশীল লেখকত্ব নিয়ে আলোচনা করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু আশরাফ খান। তিনি তথ্যের যথার্থতা, মৌলিকত্ব, চৌর্যবৃত্তি পরিহার এবং গবেষণাপত্রে যথাযথ উদ্ধৃতি ও স্বচ্ছ লেখকত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
চতুর্থ অধিবেশনে গবেষণার স্বচ্ছতা, পুনরুৎপাদনযোগ্যতা ও জবাবদিহি বিষয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। তিনি গবেষণার তথ্য, পদ্ধতি ও ফলাফল যথাযথভাবে সংরক্ষণ এবং যাচাইয়ের সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রতিটি অধিবেশনের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষকরা গবেষণার চ্যালেঞ্জ, নৈতিক জটিলতা ও প্রকাশনাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচকদের সাথে মতবিনিময় করেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ও নৈতিক গবেষণাচর্চার পরিবেশ জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে গাকৃবির গবেষণার গ্রহণযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর