November 9, 2026, 6:19 pm

গাজীপুরের টঙ্গীতে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন উদ্বোধন পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়

Reporter Name
  • আপডেট Monday, November 9, 2026
  • 5 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ‘করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়।
আজ সোমবার মহানগরীর টঙ্গী বাজার সংলগ্ন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং টঙ্গী জোন-১-এর নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা অভিযান নয় বরং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার একটি ধারাবাহিক কার্যক্রম। পর্যায়ক্রমে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ ক্যাম্পেইন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার, প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
বক্তারা আরো বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশন কিংবা প্রশাসনের একার নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, যত্রতত্র প্লাস্টিক-পলিথিন নিক্ষেপ থেকে বিরত থাকা এবং নিজের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রশাসন, সিটি করপোরেশন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুর ও টঙ্গীকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট কহিনুর খান, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আফসানা জামান প্রান্তী, এ আর ইউসুফ সাদী, মো. আজিজুল হক, আফ্রিন সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে টঙ্গী বাজার ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্বেচ্ছাসেবকরা ঝাড়ু দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করেন এবং যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন না ফেলার বিষয়ে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন করেন। এ সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার জন্য পরিছন্ন কর্মীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক, অলিগলি ও ড্রেনেজ ব্যবস্থা দূষণের শিকার হচ্ছে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি। এ পরিস্থিতির পরিবর্তন ঘটানো এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাই ‘ক্লিন ইট আপ’ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।
উদ্বোধন শেষে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সেনাকল্যান গিয়ে শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর