নাটোর প্রতিনিধি:: জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষিতে প্রাণ সঞ্চার করে দেশের উন্নয়ন নিশ্চিত করবে সরকার। এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাটোরের নলডাঙ্গায় কৃষি বিভাগের অর্থায়নে ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে স্থাপিত ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধনকালে তিনি আজ এসব কথা বলেন।
দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা কৃষি ও কৃষকনির্ভর। বিএনপি ক্ষমতায় আসার আগেই কৃষি ঋণ ও ঋণের সুদ মওকুফের ঘোষণা দেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের শুরুতেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সারা দেশে খাল খনন করা হয়েছে। কৃষকদের জন্যে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। দেশে সারসহ কোনো কৃষি উপকরণের সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে সারের পর্যাপ্ত মজুত আছে। সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন করে আরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
হুইপ দুলু বলেন, কৃষকদের সহায়তার জন্যে সরকার প্রণোদনা প্রদান করছে। প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ পেয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা লাভবান হচ্ছেন। তাদের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আকতার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।