স্টাফ রিপোর্টার, গাজীপুর:: প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছায় গাজীপুর থেকে সৌরবিদ্যুতের বিপ্লব ঘটাতে চান বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এ লক্ষ্যে কালীগঞ্জের ২২৬টি সমবায় সমিতির ৭০ হাজার সদস্যকে সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রবিবার (৮ নভেম্বর) গাজীপুরের কালীগঞ্জে কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী রাতদিন পরিশ্রম করে দেশের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছায় আমরা সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে চাই।’ গাজীপুরকে একটি বিশেষায়িত জেলা উল্লেখ করে মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুর থেকেই সৌরবিদ্যুতের বিপ্লব শুরু করতে হবে। এ জন্য তিনি সব সমবায়ীকে সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান।
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার ও সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুসহ অন্যরা। অনুষ্ঠানে জানানো হয়, কালীগঞ্জ উপজেলায় বর্তমানে ২২৬টি সমবায় সমিতির প্রায় ৭০ হাজার সদস্য রয়েছেন। এসব সমিতির সদস্যদের প্রায় ১৫ হাজার কোটি টাকা সঞ্চয় রয়েছে।