নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর পূবাইলে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পূবাইল থানা পুলিশ। গতকাল শনিবার (৭ নভেম্বর) পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোঃ রিদওয়ান (২৬), মোঃ রাইয়ান (১৯) ও ফারদিন বেপারী (২০)। তারা সবাই মাজুখান এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভুক্তভোগী মোঃ বাবু (৪০) পূবাইল থানায় হাজির হয়ে সাতজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তাকে অপহরণ, মারধর করে সাধারণ জখম, চাঁদা দাবি এবং হুমকি দেওয়ার কথা উল্লেখ করা হয়। এ ঘটনায় অভিযোগটি আমলে নিয়ে পূবাইল থানায় ৭ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বদরুল মিল্লাত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।