November 2, 2026, 9:14 pm

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু মঙ্গলবার, ফি ১০০ টাকা

Reporter Name
  • আপডেট Monday, November 2, 2026
  • 9 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির যান ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ করা হবে। নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ কার্যক্রম পরিচালিত হবে। আজ সোমবার (২ নভেম্বর) নগর ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই নতুন বিধিমালা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে শুধু আবেদন ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যোগ্য যানবাহনকেই নিবন্ধন সনদ দেওয়া হবে।
প্রশাসক জানান, পর্যায়ক্রমে সব ই-রিকশাকে নিয়মের আওতায় আনা হবে। এর মাধ্যমে সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত যানবাহনের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র:
নিবন্ধনের আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলো হলো—
১. জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত অনুলিপি
২. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি
৩. ফি জমার মূল রসিদ
৪. নির্ধারিত ফরমে ফিটনেস সনদ
বুয়েটের কারিগরি ছাড়পত্র বাধ্যতামূলক:
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুযায়ী ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা করা হবে। নিবন্ধনের জন্য বুয়েটের কারিগরি ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।
এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি আবেদন:
একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ এবং ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তবে ফরম সংগ্রহ বা আবেদন জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত সব মানদণ্ডে উত্তীর্ণ যানবাহনই কেবল সনদ পাবে।
চার জোনে ভাগ হবে ডিএসসিসি এলাকা:
ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে চারটি জোনে ভাগ করে রুট নির্ধারণ এবং যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জোনভিত্তিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে। নতুন বিধিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে সিটি করপোরেশন। এ কার্যক্রম বাস্তবায়নে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর