November 1, 2026, 9:09 pm

প্রত্যেক দোকানদারকে নিজস্ব ডাস্টবিন রাখতে হবে : চসিক প্রশাসক

চট্টগ্রাম প্রতিনিধি::
  • আপডেট Sunday, November 1, 2026
  • 22 জন দেখেছে

চট্টগ্রাম প্রতিনিধি:: দোকানের সামনে যত্রতত্র ময়লা ফেলা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দোকানদারদের প্রত্যেকের নিজস্ব ডাস্টবিন রাখতে হবে। চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন রাত ১১টায় ময়লা সংগ্রহের জন্য গাড়ি নিয়ে আসেন। এরপরও দোকানের সামনে যত্রতত্র ময়লা ফেলা কোনোভাবেই কাম্য নয়। চট্টগ্রাম নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ রোড পরিদর্শনকালে তিনি আজ এ কথা বলেন।
দোকানদার ও এলাকাবাসীর উদ্দেশে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রত্যেক দোকানের সামনে একটি করে ময়লা ফেলার ঝুড়ি রাখতে হবে। দোকানের সামনে ময়লা পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানদারকে জরিমানার আওতায় আনা হবে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে।
নগরীর সমস্যা সমাধানে শুধু সিটি কর্পোরেশনকে দায়ী করলে চলবে না, নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, এ বছর অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানি জমেছে। পাশাপাশি নগরীর বিভিন্ন খালে চলমান উন্নয়ন ও খননকাজের কারণে কিছু এলাকায় সাময়িকভাবে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খননকৃত মাটি সড়কে পড়ে থাকায়ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ডাবের খোসা, প্লাস্টিক ও পলিথিনসহ যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি ডেঙ্গু ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়ে। তাই প্রত্যেককে নিজের অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর