স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গার্মেন্টস শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ায় শ্রমিকদের কাজে ফিরে গিয়ে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। একই সঙ্গে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী বা অসাধু চক্র যাতে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। আজ সোমবার মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের গার্মেন্টস ও শিল্পকারখানা সরেজমিনে পরিদর্শন করে গণমাধ্যম কমীর্অদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের দাবিদাওয়া ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিকদের সুরক্ষা এবং শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। নগরীর বিভিন্ন ওয়ার্ডের গার্মেন্টস ও শিল্পকারখানার সামনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সমন্বয়ে পৃথক টিম গঠন করা হয়েছে। সকাল থেকেই এসব টিমের সদস্যরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। প্রশাসক নিজেও বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নিয়ে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছেন। এ প্রক্রিয়ায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিজিএমইএ (ইএগঊঅ) এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি যথাযথভাবে মূল্যায়ন ও সমাধানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই শ্রমিকদের প্রতি আহ্বান, তাঁরা যেন কাজে ফিরে গিয়ে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম সচল রাখতে সহযোগিতা করেন।
প্রশাসক শওকত হোসেন সরকার জানান, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক ও দায়িত্বশীল। তবে শ্রমিক আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিল্পকারখানার নিরাপত্তা ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখে যেকোনো নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে প্রশাসনের পাশাপাশি মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করছেন।