নিজস্ব প্রতিবেদক:: ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর এবং ফরেন পোস্ট অফিসে টানা দুই দিন অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আজ শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গত ১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত পৃথক চার অভিযানে স্বর্ণ, মদ, ইনজেকশন, নিষিদ্ধ ক্রিম ও ল্যাপটপ উদ্ধার করা হয়। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রী আবদুল্লাহ আল নোমানের কাছ থেকে ২১ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১১৭ গ্রাম স্বর্ণবার আটক করা হয়।
একই দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক যাত্রী ও টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৬ লাখ টাকা মূল্যের ৩০ লিটার মদ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা। ঢাকা বিমানবন্দরে কলম্বো থেকে আসা যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজ স্ক্যান করে ৫৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন আটক করা হয়।
এ ছাড়া বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ২৩টি ব্যবহৃত Core i5 ল্যাপটপ জব্দ করা হয়।
কর্মকর্তারা জানান, স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন অননুমোদিত কসমেটিকস ও পুরোনো ইলেকট্রনিক্স পণ্যের অবৈধ প্রবেশ রোধে কাস্টমস গোয়েন্দা তৎপর রয়েছে। জনস্বাস্থ্য, ভোক্তা অধিকার ও রাজস্ব সুরক্ষায় এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।