October 14, 2026, 7:05 pm

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ ফিরিয়ে দিল পুলিশ, পুরস্কৃত দুই কর্মকর্তা

Reporter Name
  • আপডেট Wednesday, October 14, 2026
  • 28 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নাটোর রেলওয়ে স্টেশনের অপেক্ষাকক্ষে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ম্যাকবুক উদ্ধার করেছে পুলিশ। গত ১১ অক্টোবর রাতে নাটোর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার একটি পোশাকের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে ওই পর্যটকের হাতে ল্যাপটপটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পাশাপাশি এ ঘটনায় বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ল্যাপটপ উদ্ধারে ভূমিকা রাখায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন আইজিপি। বিকালে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় স্টেশনের অপেক্ষাকক্ষে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে দেখেন, তাঁর ল্যাপটপ ও ক্যামেরা নেই।
পরে তিনি নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। পর্যটকের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্মিলিত অভিযানের অংশ হিসেবে গত ১১ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
হারিয়ে যাওয়া ল্যাপটপে গত ছয় মাসের কাজের তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল বলে জানান ওই পর্যটক। ল্যাপটপ ফিরে পেয়ে তিনি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ভ্রমণে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে ল্যাপটপ হস্তান্তরের সময় অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি পুলিশের সব ইউনিটকে দেশি-বিদেশি নাগরিকদের দ্রুত ও পেশাদার সেবা দেওয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশনা দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর