কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৪) ধর্ষণের পর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমনই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের। তবে হত্যাকাণ্ডের পেছনের পুরো রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়া। এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় তদন্তে নেমে সন্দেহভাজন অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, তাজমিন হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা ও এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে।