মোঃ জাফর আলীঃ জমজমাট লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অঞ্চল-৬ বাসনকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে অঞ্চল-১ টঙ্গী। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আহসানউল্লাহ মাস্টার (টিআইসি) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টঙ্গী অঞ্চল-১। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম।
প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের আটটি অঞ্চলের অংশগ্রহণে পর্যায়ক্রমে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলা চলাকালে মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। দুই দলের খেলোয়াড়েরা গোলের সুযোগ তৈরিতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যান। তবে শেষ পর্যন্ত অঞ্চল-১ টঙ্গী ১-০ গোলের জয় নিশ্চিত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মাহবুব আলম শুকুর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল এবং টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্যসচিব আবুল কালাম। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, টঙ্গী অঞ্চল-১-এর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলামসহ সিটি করপোরেশনের আটটি অঞ্চলের প্রধান প্রকৌশলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনা ও উপস্থাপনায় ছিলেন আব্দুর রহিম কালা।