দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিরোধ অভিযানে আরও ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার রাজধানীর বনশ্রীতে ডেঙ্গুবিরোধী অভিযান ও স্কুলে প্রচারাভিযান শেষে এসব কথা জানান মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান থাকবে। পাশাপাশি সামাজিকভাবে সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে। আমরা জরিমানা করতে চাই না, এটা কোনও সমাধানও নয়। আমাদের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতার বিকল্প নেই। ডিনসিসি কল সেন্টারে নিয়মিত কল আসছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি।’ এ সময় মেয়র রাজধানীর বনশ্রী আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের সচেতন করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের ভূমিকা সম্পর্কে বলেন এবং ছুটির সময়ে তাদের সচেতন থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৮ জুলাই মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে ডিএনসিসি। অভিযানে ১০ দিনে ৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।