স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন এলাকায় মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের পরপরই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে টঙ্গীর মরকুন-মারুকা সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যবর্তী সময়ে এই মিছিল সংঘটিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তৎপর হয়ে সাঁড়াশি অভিযান চালায় এবং রাত ১২টা পর্যন্ত তিনজনকে আটক করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিও পর্যালোচনা করে জানা যায়, মিছিলকারীরা গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবুর নাম উল্লেখ করে স্লোগান দেন।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় স্লোগানসংবলিত এই মিছিলে অন্তত ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে ওই সড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম তুষার এবং ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে এই মিছিল পরিচালিত হয়। মিছিলে টঙ্গী পূর্ব থানা ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম গণমাধ্যমকে জানান, মিছিলের ঘটনা সত্য এবং এ পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।